সেরা ১০ মিস ইউনিভার্স বাংলাদেশের হাতে ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’

১৭ মার্চ, ২০২১ ০৪:৫৮  
সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প থেকে একজন নারী কিভাবে জীবন সংগ্রাম করে নিজেকে বদলেছে এর ছায়া অবলম্বনে রচিত হয়েছে ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্র নাদিয়াকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই পাত্রস্থ করেন তার অভিভাক। আদরে থাকা নাদিয়া শ্বশুর বাড়িতে গিয়ে মুখোমুখি হয় কঠিন বাস্তবতার। কিন্তু আর পাঁচটা মেয়ের মত সংসারের চিরাচরিত নিয়মে অভ্যস্ত না হয়ে, হয়ে উঠেছে একজন ফ্রিল্যান্সার। প্রতিকূল পরিবেশকে তোয়াক্কা না করে একটি মেয়ের ঘুরে দাঁড়ানোর এই উপাখ্যান এবার উপহার হিসেবে দেয়া হলো সেরা ১০ মিস ইউনিভার্স বাংলাদেশের হাতে। উপন্যাসের লেখক, তথ্যপ্রযুক্তি সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম নিজেই গত ১৪ মার্চ ঢাকা রেডিসন হোটেলে অনুষ্ঠিত গ্রুমিং সেশনে এই উপন্যাসটি উপহার দেন। বইটি নিয়ে লেখক রাহিতুল ইসলাম বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেট পৌঁছে গেছে এখন দেশের সকল প্রান্তে। ইন্টারনেটের মাধ্যমে অনেক নারী হচ্ছে প্রতারণার শিকার, ঝরে যাচ্ছে কত জীবন। অথচ সেই একই ইন্টারনেটের মাধ্যমে নাদিয়া হয়েছে সফল ফ্রিল্যান্সার। আর এখানেই পার্থক্য। নারী তার নিজের মানসিক দৃঢ়তা এবং পরিশ্রম দিয়ে মুছে দিতে পারে চারপাশের অন্ধকারকে। বইটির কিছু অংশ পড়তে এবং বইটি অর্ডার করা যাবে রকমারি থেকে।